শনিবার ০৬, জুন ২০২৬

০৬ জুন ২০২৬, ০৩:২৬ পিএম

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উচ্চপর্যায়ের বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০১:৩২ পিএম

1696

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। শুক্রবার (৫ জুন) রাতে রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই আনুষ্ঠানিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই বিরোধীদলীয় নেতা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বাংলাদেশে উষ্ণ স্বাগত ও অভিনন্দন জানান। সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বৈঠককালে তাঁরা ভ্রাতৃপ্রতিম উভয় দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ও ভূ-রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে আগামী দিনে আরও সুদৃঢ় ও মজবুত করার ওপর উভয় পক্ষ থেকে বিশেষ জোর দেওয়া হয়।

দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা খাতের উন্নয়ন, বৈজ্ঞানিক গবেষণা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত অংশীদারিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। এ ছাড়া আঞ্চলিক শান্তি রক্ষা, ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা এবং বর্তমান বৈভিক নানা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে যৌথ সহযোগিতার বিষয়েও উভয় পক্ষ গভীর ঐকমত্য পোষণ করেন। বাংলাদেশ ও তুরস্কের এই ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ভবিষ্যতে এক নতুন উচ্চতায় উপনীত হবে বলে উভয়পক্ষই দৃঢ় আশা প্রকাশ করেন।

বৈঠককালে বিরোধীদলীয় নেতা তুরস্কের জনপ্রিয় প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তাঁর সরকারকে রোহিঙ্গা ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের প্রতি আন্তরিক সমর্থন ও মানবিক সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। একই সঙ্গে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও নিরাপদ সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিকভাবে আরও কার্যকর ও জোরালো উদ্যোগ গ্রহণের জন্য তুরস্ক সরকারের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।

এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে তুরস্কের সম্মানিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের উদ্দেশে লেখা একটি বিশেষ সম্মানসূচক শুভেচ্ছাপত্র সফররত পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি প্রতিনিধি দলের পক্ষ থেকে তাঁদের বাংলাদেশ সফরের জন্য পুনরায় উষ্ণ অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন—

* সংগঠনের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি
* সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার
* সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
* কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি
* কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন
* আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

Link copied!