রবিবার ১৪, জুন ২০২৬

১৪ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম

ব্রাজিলের বিপক্ষে ১০ ‘ভিনদেশি’ নিয়ে নেমেছিল মরক্কো!

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম

1698

মরক্কো ফুটবল দল

আফ্রিকান ফুটবলের নতুন এক অপ্রতিরোধ্য পরাশক্তি হয়ে উঠেছে মরক্কো। মহাদেশটির প্রথম দেশ হিসেবে তারা কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলে যেমন ইতিহাস গড়েছিল, ঠিক তেমনি সর্বশেষ আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) মহাদেশীয় শিরোপাও ঘরে তুলেছে আশরাফ হাকিমির দল। তবে মরক্কোর এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে রয়েছে এক দারুণ ও বৈচিত্র্যময় মনস্তাত্ত্বিক ছক। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়ে বিশ্বকে চমকে দেওয়া মরক্কো দলটির অধিকাংশ ফুটবলারই আসলে মরক্কোর মূল ভূখণ্ডের বাইরে জন্মেছেন!

মোহাম্মদ ওয়াহবির ক্ষুরধার কোরিওগ্রাফিতে চলমান ২৩তম ফিফা বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে মরক্কো যে স্কোয়াড নিয়ে মাঠে নেমেছিল, ম্যাচ শেষে তার এক চমকপ্রদ ও রোমাঞ্চকর পরিসংখ্যান সামনে এসেছে। চলতি বিশ্বকাপের জন্য ঘোষিত মরক্কোর ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডের মধ্যে মাত্র ৭ জন ফুটবলারের জন্ম হয়েছে মরক্কোতে। বাকি ১৯ জন ফুটবলারই বিশ্বের বিভিন্ন উন্নত দেশে জন্মেছেন, অর্থাৎ তারা প্রত্যেকেই দ্বৈত নাগরিকত্বের অধিকারী।

সাধারণত ইউরোপের বড় বড় দেশগুলোতে (যেমন ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম) ল্যাটিন বা আফ্রিকান অভিবাসী পরিবারের সন্তানদের খেলতে দেখা যায়। যার বড় উদাহরণ ফরাসি দল। কিন্তু মরক্কোর ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ উল্টো ও ব্যতিক্রমী। ইউরোপে পাড়ি জমানো মরক্কো বংশোদ্ভূত পরিবারের সন্তানরা সেখানে জন্ম নিয়ে বড় হয়েও, ফুটবলের তাগিদে এবং নিজেদের নাড়ির টানে পুনরায় শেকড়ে ফিরে এসে মরক্কোর জাতীয় জার্সি গায়ে জড়িয়েছেন।

চলতি ২৬ সদস্যের স্কোয়াডে মরক্কোর মাটিতে জন্ম নেওয়া মাত্র ৭ জন ‘খাঁটি’ মরক্কোনিজ হলেন—আহমেদ রেদা তাগনাউতি, মারওয়ান সা’দান, ইউসুফ বেলাম্মারি, আজেদ্দিন উনাহি, সুফিয়ান রহিমি, আমিন এসবাই এবং তারকা স্ট্রাইকার আয়ুব এল কাবি।

সবচেয়ে মজার বিষয় হলো, মরক্কো দলের অধিনায়ক ও বিশ্বসেরা রাইটব্যাক আশরাফ হাকিমি নিজেই মরক্কোর সেই ছয় ফুটবলারের একজন, যাঁদের জন্ম হয়েছে স্পেনে। জন্মসূত্রে মরক্কোর স্প্যানিশ কানেকশনের বড় বড় তারকারা হলেন—রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ব্রাহিম দিয়াজ এবং ব্রাজিল ম্যাচে বুক কাঁপানো গোল করা ইসমাইল সাইবারি। এছাড়া রক্ষণভাগের চাদি রিয়াদও স্পেনের মাটিতেই বড় হয়েছেন।

আবার ফ্রান্স ও উত্তর আফ্রিকার ঐতিহাসিক সম্পর্কের কারণে মরক্কো দলে ফ্রান্সে জন্ম নেওয়া ফুটবলারদের এক বিশাল আধিপত্য লক্ষ্য করা যায়। ফরাসি ভূখণ্ডে জন্ম নেওয়া উল্লেখযোগ্য ফুটবলাররা হলেন—ইসা দিয়োপ, তরুণ সেনসেশন আইয়ুব বুয়াদ্দি ও গেসিম ইয়াসিন। অন্যদিকে, নেদারল্যান্ডসও মরক্কোকে দিয়েছে তিনজন অতিগুরুত্বপূর্ণ স্তম্ভ। মাঝমাঠের প্রাণ সোফিয়ান আমরাবাত, আনাস সালাহ-এদ্দিন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিশ্বখ্যাত ফুলব্যাক নুসাইর মাজরাউই ডাচ মাটিতেই জন্মগ্রহণ করেন। এছাড়া বেলজিয়ামে জন্ম নিয়েছেন প্রতিভাবান উইঙ্গার বিলাল এল খানুস, চেমসদিন তালবি ও জাকারিয়া এল ওয়াহদি।

দলের প্রধান গোলপোস্টের দেয়াল ইয়াসিন বোনোর জন্ম তো আরও দূরে, উত্তর আমেরিকার দেশ কানাডার মন্ট্রিয়লে। মাত্র ৩ বছর বয়সে তিনি পরিবারের সাথে বাবা-মায়ের দেশ মরক্কোতে ফিরে আসেন।

মরক্কোর ফুটবলের এই বিশ্বজনীন রূপ কেবল খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ নয়, দলটির প্রধান মাস্টারমাইন্ড ও কোচ মোহাম্মদ ওয়াহবির নিজের জন্মও বেলজিয়ামের ব্রাসেলসে। মরক্কোর রক্ত শরীরে বইলেও ছোটবেলায় তাঁর পুরো পরিবার বেলজিয়াম ফুটবল দলকেই সমর্থন করত। এমনকি কোচিং ক্যারিয়ারের প্রথমভাগেও তিনি বেলজিয়ামের ঘরোয়া ক্লাবের সাথেই যুক্ত ছিলেন। আজ সেই ‘ভিনদেশি’ কোচ ও খেলোয়াড়দের হাত ধরেই ব্রাজিলের মতো বিশ্বসেরা পরাশক্তিকে রুখে দিয়ে উৎসবে মেতেছে পুরো মরক্কো।

 একনজরে মরক্কোর বিশ্বকাপ স্কোয়াডের ফুটবলারদের জন্মস্থান:

খেলোয়াড়ের নাম ও জন্মস্থান (দেশ) 

ইয়াসিন বোনো: কানাডা 
মুনির মোহামেদি: স্পেন 
আহমেদ রেদা তাগনাউতি: মরক্কো 
আশরাফ হাকিমি: স্পেন 
নুসাইর মাজরাউই: নেদারল্যান্ডস 
মারওয়ান সা’দান: মরক্কো
জাকারিয়া এল ওয়াহদি: বেলজিয়াম
ইসা দিয়োপ: ফ্রান্স 
চাদি রিয়াদ: স্পেন
ইউসুফ বেলাম্মারি: মরক্কো 
রেদোয়ান হালহাল: ফ্রান্স 
আনাস সালাহ-এদ্দিন: নেদারল্যান্ডস 
সোফিয়ান আমরাবাত: নেদারল্যান্ডস 
আইয়ুব বুয়াদ্দি: ফ্রান্স
চেমসদিন তালবি:বেলজিয়াম 
আজেদ্দিন উনাহি: মরক্কো 
ইসমাইল সাইবারি: স্পেন 
সামির এল মোরাবেত: ফ্রান্স
গেসিম ইয়াসিন: ফ্রান্স 
বিলাল এল খানুস: বেলজিয়াম 
নিল এল আইনাউই: ফ্রান্স 
সুফিয়ান রহিমি: মরক্কো 
ব্রাহিম দিয়াজ: স্পেন 
সবাই (আমীন এসবাঈ): মরক্কো
আয়ুব এল কাবি: মরক্কো 
আয়ুব আমাইমুনি: স্পেন

Link copied!