সোমবার ১৫, জুন ২০২৬

১৫ জুন ২০২৬, ০৩:১৬ পিএম

চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় জামায়াতের গভীর শোক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:৩৮ পিএম

1712

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক প্রাণহানি ও অসংখ্য মানুষ আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার (২৩ মে) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই অনাকাঙ্ক্ষিত মেগা দুর্ঘটনায় হতাহতদের পরিবার-পরিজন, আহত ব্যক্তি এবং চীনের সামগ্রিক জনগণ ও দেশটির সরকারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বিবৃতিতে উল্লেখ করেন, গত ২১ মে জুমাবার চীনের উত্তরাঞ্চলের একটি কয়লাখনিতে অত্যন্ত দুঃখজনক এক দুর্ঘটনা ও শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের ফলে এখন পর্যন্ত ৯০ জন খনি শ্রমিক নিহত হয়েছেন এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য এবং এই বিবৃতি লেখা পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২০১ জন হতাহতকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে ১২৩ জন খনি শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনাটি বন্ধুপ্রতিম রাষ্ট্র চীনের জন্য অনেক বড় একটি অপূরণীয় ক্ষতি।

বিবৃতির শেষ অংশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা আহত খনি শ্রমিকদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সাথে তিনি জোর আশাবাদ ব্যক্ত করে বলেন, চীন সরকার অত্যন্ত দক্ষ ও দেশটির জনগণ অনেক পরিশ্রমী, তাই তারা দ্রুততম সময়ের মধ্যে এই বিরাট ক্ষয়-ক্ষতি ও শোকের আবহ কাটিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরতে সক্ষম হবেন।

Link copied!