প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:১৭ পিএম
1714
০৬ জুন ২০২৬, ০৩:৫৪ এএম
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। এ সময়ে ব্যাংকটির নিট লোকসান দাঁড়িয়েছে ৩৯৬ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটি ২১ কোটি টাকা নিট মুনাফা করেছিল।
ব্যাংকটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সুদ আয়ের তুলনায় সুদ ব্যয় বেশি হওয়ায় এই লোকসান হয়েছে।
চলতি প্রান্তিকে ব্যাংকের সুদ আয় হয়েছে ৬৫৮ কোটি টাকা, আর সুদ ব্যয় হয়েছে ১ হাজার ৩০৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে সুদ আয় ছিল ৮৫৯ কোটি টাকা এবং সুদ ব্যয় ছিল ১ হাজার ১৩৭ কোটি টাকা।
এই সময়ে ব্যাংকটির পরিচালন লোকসান দাঁড়িয়েছে ৮৪ কোটি টাকা, যেখানে আগের বছর একই সময়ে ৩০৬ কোটি টাকা পরিচালন মুনাফা হয়েছিল।
আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (EPS) হয়েছে ৮ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১৩ পয়সা। ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫ পয়সা।
এর আগে ২০২৫ হিসাব বছরে ব্যাংকটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ওই বছরে ইপিএস ছিল ১৪ পয়সা, যা আগের বছরের তুলনায় কম।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৮৭ কোটি ৯৩ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৯০ দশমিক ১৯ শতাংশ সরকারের হাতে রয়েছে।
ব্যাংকটির আর্থিক পরিস্থিতির এই অবনতি নিয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, সুদ আয়ের পতন এবং সুদ ব্যয়ের দ্রুত বৃদ্ধি এই লোকসানের প্রধান কারণ।