শনিবার ১৩, জুন ২০২৬

১৩ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম

১৭ জুন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৬:০১ পিএম

1696

প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন ১৭ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ঐতিহাসিক জনসভার ভেন্যু বা অনুষ্ঠানস্থল চূড়ান্ত করা হয়েছে। তবে পূর্বনির্ধারিত রাজনগর উপজেলার ভেন্যুটি কৌশলগত কারণে পুরোপুরি বাতিল করে এখন জেলা সদরের অবস্থিত ঐতিহ্যবাহী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহাসমাবেশ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে ভেন্যু পরিবর্তনের এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

নতুন মেয়াদে সরকার গঠনের পর মৌলভীবাজার জেলায় এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরকে ঘিরে বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে দেশের তৃতীয় ধাপের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির জাতীয় উদ্বোধন। এই ঐতিহাসিক জনসভা মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নিজেই সাধারণ মানুষের হাতে এই কার্ড তুলে দেবেন। প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি এই কল্যাণমুখী ‘ফ্যামিলি কার্ড’ নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় জেলার প্রান্তিক ও সাধারণ মানুষের মাঝে এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের বন্যা বইছে।

এদিকে ভেন্যু চূড়ান্ত হওয়ার পরপরই আজ দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সশরীরে পরিদর্শনে আসেন জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন বলেন, “প্রশাসনিক ও কৌশলগত বিশেষ কারণে রাজনগরের পূর্বের ভেন্যুটি বাতিল করে জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলার অপর নির্ধারিত ভেন্যুটি শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠেই অপরিবর্তিত থাকছে। ভেন্যু পরিবর্তনের পর সদর এলাকার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা আরও দ্বিগুণ হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড প্রাপ্তির ঐতিহাসিক ঘোষণা আসায় পুরো মৌলভীবাজারজুড়ে আনন্দের হিল্লোল বইছে। আমরা আশা করছি, আগামী ১৭ জুনের এই জনসভা মৌলভীবাজারের ইতিহাসের সর্ববৃহৎ গণসমাবেশে রূপ নেবে।”

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন প্রধানমন্ত্রীর এই সফরের গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দীর্ঘদিনের অবহেলিত মৌলভীবাজারবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের বেশ কিছু প্রাণের ও যৌক্তিক দাবি রয়েছে। আমরা গভীর আশা পোষণ করছি—প্রধানমন্ত্রীর এই পয়া সফরে মৌলভীবাজারবাসীর প্রাণের দাবি ‘সরকারি মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠা, ঐতিহাসিক ‘শমশেরনগর বিমানবন্দর’ পুনরায় চালু ও আধুনিকায়ন করা, মনু নদীর বন্যা নিয়ন্ত্রণসহ জেলার যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন, এবং হাওরাঞ্চল ও কৃষি খাতের টেকসই উন্নয়নের বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর এই ভিভিআইপি (VVIP) সফর সফল করতে স্থানীয় সিভিল প্রশাসনের পাশাপাশি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও গণমানুষের নেতা এম নাসের রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দ সার্বিক প্রস্তুতি তদারকি করছেন। তারা চান এই সফরের হাত ধরেই মৌলভীবাজারের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির এক নতুন দ্বার উন্মোচিত হোক।

এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে জেলা সদর ও পর্যটন নগরী শ্রীমঙ্গলে ব্যাপক প্রশাসনিক ও রাষ্ট্রীয় তোড়জোড় শুরু হয়েছে। সম্ভাব্য অনুষ্ঠানস্থল ও সভামঞ্চের চারপাশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, নিশ্ছিদ্র প্রটোকল, লাখ লাখ মানুষের জনসমাগম নিয়ন্ত্রণ, ট্রাফিক ও যানবাহন চলাচল এবং সার্বিক শৃঙ্খলার বিভিন্ন কারিগরি বিষয় খতিয়ে দেখছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী ও জেলা পুলিশ প্রশাসন।

দলীয় নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জনসভায় প্রধান অতিথির দীর্ঘ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, চা-বাগানের অবহেলিত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণ তহবিল গঠন এবং কৃষি খাতের আধুনিকায়নে বেশ কিছু মেগা প্রকল্পের গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।

আকস্মিক ভেন্যু পরিবর্তনের পর মৌলভীবাজার পৌরসভা এলাকায় এখন সাজসাজ রব ও তোড়জোড় তুঙ্গে। জনসভাকে সফল করতে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সাথে সমন্বয় করে মাঠের ভেতর ও বাইরে তিন স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে তোরণ, বর্ণিল ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সেজে উঠতে শুরু করেছে পুরো মৌলভীবাজার ও শ্রীমঙ্গল শহর।

Link copied!