শনিবার ১৩, জুন ২০২৬

১৩ জুন ২০২৬, ০৮:৩৩ পিএম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১১:১৪ এএম

1693

প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার সফরে এসেই মহান স্বাধীনতার ঘোষক, বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (১৩ জুন) সকালে দুই যুগ (২৪ বছর) পর রাজধানী ঢাকা থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে পর্যটন নগরী কক্সবাজারে পা রাখেন প্রধানমন্ত্রী। তাঁর এই ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে গোটা কক্সবাজার জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

গুরুত্বপূর্ণ এই সফরের প্রথম কর্মসূচির সূচনাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সদর উপজেলার পিএমখালী এলাকায় যান এবং সেখানে তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘পাতলী খালের’ পুনঃখনন কাজের ফলক উন্মোচন করেন। এ উপলক্ষ্যে সকাল থেকেই পিএমখালী ও এর আশপাশের এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে এক অভূতপূর্ব জাগরণ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও তা উপেক্ষা করে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিএমখালীর পাতলী খাল পর্যন্ত দীর্ঘ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে স্লোগানে স্লোগানে প্রিয় নেতা ও প্রধানমন্ত্রীকে রাজকীয় বরণ করে নেন।

উল্লেখ্য, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দেশের গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করা এবং কৃষি সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে দেশব্যাপী যে ঐতিহাসিক ‘স্বনির্ভর খাল খনন কর্মসূচি’ চালু করেছিলেন, পিএমখালীর এই পাতলী খালটি তারই অন্যতম গৌরবোজ্জ্বল সাক্ষী। বিগত ১৯৭৯ সালের নভেম্বর মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এই দুর্গম এলাকায় এসে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। বাবার সেই স্মৃতিকে ধারণ করে দেশের কৃষি বিপ্লবকে বেগবান করতে আজ প্রধানমন্ত্রী নিজে এর পুনঃখনন কাজ শুরু করলেন।

কক্সবাজারের পিএমখালীর এই স্থানীয় উদ্যোগের পাশাপাশি বর্তমান সরকারের এক বৃহৎ মহাপরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ (এলজিআরডি) ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের একটি বৃহৎ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছে। যার প্রথম দফায় চলতি বছরের (২০২৬) জুন মাসের মধ্যে ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে মাঠপর্যায়ে কাজ দ্রুত এগিয়ে চলছে। পানিসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুধু খাল খননই নয়, খালের নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ রক্ষায় খালের দুই পাড় টেকসইভাবে সংরক্ষণ করা, খালের পাড়ে ব্যাপক ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং খালের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদেও কঠোর প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়েছে।

দিনভর কক্সবাজারে নদী ও সেচ উন্নয়ন বিষয়ক নানা রাষ্ট্রীয় কর্মসূচি, সুধী সমাবেশ এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে আজ রাতেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি সান্ধ্যকালীন ফ্লাইটে পুনরায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Link copied!