রবিবার ১৪, জুন ২০২৬

১৪ জুন ২০২৬, ১২:১৯ এএম

নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৫:৩১ পিএম

1698

"সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ" এবং "সুশিক্ষায় মেধাবী শিক্ষক"—এই যুগোপযোগী মূলমন্ত্রকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’। আজ শুক্রবার (১২ জুন) নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে এই বিশেষ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই বিজ্ঞান কর্মসূচির শুভ উদ্বোধন করেন নড়াইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বলেন, "আধুনিক ও বিজ্ঞানমনস্ক বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের প্রথাগত মুখস্থ বিদ্যার গণ্ডি থেকে বেরিয়ে এসে সৃজনশীল ও বিশ্লেষণধর্মী চিন্তা করতে হবে। আজকের এই স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী প্রমাণ করে যে আমাদের তরুণ প্রজন্মের মাঝে অদম্য মেধা ও সম্ভাবনা রয়েছে। শিক্ষকদেরও যুগের সাথে তাল মিলিয়ে সুশিক্ষায় ব্রতী হতে হবে, যাতে তাঁরা আগামী দিনের এই বিজ্ঞানমুখী ও দূরদর্শী নেতৃত্ব গড়ে তুলতে পারেন।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক তাঁর বক্তব্যে বলেন, "নতুন প্রজন্মের উদ্ভাবনী ও বৈজ্ঞানিক চিন্তাই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তরুণদের এই বিজ্ঞানমুখী ভাবনাকে আমাদের রাষ্ট্রীয় ও সামাজিকভাবে আরও বেশি উৎসাহিত এবং পৃষ্ঠপোষকতা করতে হবে।" অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন বিজ্ঞান শিক্ষার সার্বিক প্রসার এবং শিক্ষকদের মেধার সঠিক মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

নড়াইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টি.এম. রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাবলু, আব্দুল হাই মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ জাফল। বক্তারা প্রত্যন্ত ও গ্রামীণ পর্যায়ের মেধা বিকাশে এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে নিয়মিত বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মেলার আয়োজনের তাগিদ দেন।

দিনব্যাপী নড়াইলের এই বর্ণাঢ্য মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকেরা রোবোটিক্স, পরিবেশবান্ধব প্রযুক্তি, আইটি সলিউশনসহ তাঁদের নিজস্ব উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প এবং নিত্যনতুন স্টার্টআপ আইডিয়া স্টলের মাধ্যমে প্রদর্শন করেন। মেলাটি নড়াইলের তরুণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Link copied!