প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম
1700
১৩ জুন ২০২৬, ১১:৫৮ পিএম
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি করা হলে রাষ্ট্রীয় প্রশাসনে দুর্নীতি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, "সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বর্তমানে অনেক বেড়েছে, তাই বাজার পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে তাঁদের বেতন সমন্বয় করা অত্যন্ত জরুরি। স্বাভাবিকভাবে মানুষের যখন অর্থনৈতিক অভাব থাকে, তখন সমাজে দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়; এটা তো অস্বীকার করে লাভ নেই।"
আজ শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী ঐতিহ্যবাহী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের পে-স্কেল কাঠামোর বর্তমান সংকট তুলে ধরে বলেন, "বিগত ১১ বছর ধরে দেশে নতুন কোনো পে-স্কেল বা স্থায়ী বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। কিন্তু এই দীর্ঘ সময়ে বাজারে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার খরচ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এর ফলে সরকারি কর্মচারীদের দৈনন্দিন মৌলিক ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। বেসরকারি খাতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত বেতন বাড়লেও সরকারি খাতে সেই প্রয়োজনীয় সমন্বয় দীর্ঘদিন ধরে করা হয়নি।"
তিনি আরও বলেন, "আমরা দৃঢ়ভাবে আশা করছি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ার সাথে সাথে প্রশাসনে দুর্নীতি স্বাভাবিকভাবেই কমবে। কর্মচারীদের যখন বৈধ আয় বৃদ্ধি পাবে এবং তাদের জীবনযাত্রার মান একটু উন্নত ও সুরক্ষিত হবে, তখন তারা নিশ্চয়ই অনৈতিক পথ পরিহার করবেন এবং দুর্নীতি কমবে।"
২০৬-২৭ অর্থবছরের এই মেগা বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে মঞ্চে সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের একঝাঁক শীর্ষ মন্ত্রী, উপদেষ্টা ও আমলারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত ঐতিহাসিক জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ৫৫তম জাতীয় বাজেট এবং গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর পেশ করা প্রথম পূর্ণাঙ্গ বাজেট।