শনিবার ১৩, জুন ২০২৬

১৩ জুন ২০২৬, ১১:৫৬ পিএম

চট্টগ্রামের পটিয়ায় প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধর, যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৩:৪০ পিএম

1701

যুবদল নেতা রেজা রিপন।

চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের ভেতরে ঢুকে এক জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় যুবদল নেতা এস এম রেজা রিপনসহ ৩৭ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার হওয়া দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বাদী হয়ে গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে মামলাটি রুজু করেন।

দায়েরকৃত মামলায় পটিয়া পৌরসভা যুবদলের প্রভাবশালী নেতা এস এম রেজা রিপনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এজাহারে সুনির্দিষ্টভাবে আরও সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ৯ জুন দুপুরে সাংবাদিক আবেদুজ্জামান আমিরী পেশাগত দায়িত্ব পালন শেষে পটিয়া প্রেস ক্লাবের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় যুবদল নেতা এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি উশৃঙ্খল দল অতর্কিতে ক্লাবের ভেতরে প্রবেশ করে। তারা ক্লাবের ভেতরেই সাংবাদিক আমিরীর ওপর চড়াও হয় এবং তাকে টেনে-হিঁচড়ে জোরপূর্বক বাইরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

হামলার শিকার সাংবাদিক আবেদুজ্জামান আমিরী অভিযোগ করে জানান, বিগত ২০২৫ সালের ৫ নভেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় ‘পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ’ শিরোনামে একটি অনুসন্ধানী বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই অভিযুক্ত যুবদল নেতারা তাঁর ওপর চরম ক্ষুব্ধ ছিলেন এবং তাঁকে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। সেই পুরোনো খবরের জেরে ক্ষুব্ধ হয়েই পরিকল্পিতভাবে প্রেস ক্লাবের মতো জায়গায় ঢুকে তাঁর ওপর এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, প্রেস ক্লাবের ভেতরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা অভিযোগটি থানা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পরই মামলাটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, প্রেস ক্লাবের ভেতরে ঢুকে একজন পেশাদার সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় ও চট্টগ্রামের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সাংবাদিক সংগঠনের নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং মূল হোতা যুবদল নেতা রিপনসহ জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Link copied!