প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১০:৩২ এএম
1696
১৪ জুন ২০২৬, ১২:২১ এএম
রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১২ জুন) সকাল ৯টা পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তার আওতায় থাকা ১৯টি জেলা হলো—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব কটি বিভাগে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে দেশের ওপর মৌসুমি বায়ু বেশ সক্রিয় অবস্থায় রয়েছে। এই মৌসুমি বায়ুর প্রবল সক্রিয়তার কারণে আগামী অন্তত এক সপ্তাহ (সাত দিন) দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের ঝড়-বৃষ্টি এবং ভারি থেকে অতি ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।