প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১০:২১ এএম
1694
১৪ জুন ২০২৬, ০৩:৩৮ এএম
আজ ১২ জুন (শুক্রবার), আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নানা আনুষ্ঠানিকতা ও কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছর আন্তর্জাতিকভাবে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গত ৮ জুন প্রকাশিত সর্বশেষ এক প্রতিবেদনের তথ্যমতে, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশু কোনো না কোনো শ্রমের সঙ্গে যুক্ত রয়েছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশুই অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত, যা তাদের স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য চরম হুমকিস্বরূপ।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বছরের জন্য একটি বিশেষ জাতীয় প্রতিপাদ্য নির্ধারণ করেছে। এবারের জাতীয় প্রতিপাদ্য হলো—‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’। শিশুশ্রম নিরসনে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে আজ দেশব্যাপী বিভিন্ন সেমিনার, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।