প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১১:৩৪ এএম
1698
১৪ জুন ২০২৬, ০৫:২২ এএম
রাশিয়ায় দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আগামী বছরের মধ্যে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করার বিষয়ে রাশিয়ার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
আজ মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষ থেকে রুশ কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব দেওয়া হলে তারা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হয়। উভয় পক্ষই খুব শিগগিরই এই জনশক্তি রপ্তানি সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবে বলে আশা প্রকাশ করছে। সরকারি তথ্যমতে, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মী রাশিয়ার বিভিন্ন খাতে কর্মরত আছেন।
জনশক্তি রপ্তানি ছাড়াও দ্বিপক্ষীয় বৈঠকে উভয় পক্ষ একমত হয় যে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ তাদের প্রকৃত সম্ভাবনার তুলনায় অনেক কম। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বিশাল বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক (RMG) ও ওষুধ খাতের দ্রুত বৃদ্ধির সম্ভাবনার ওপর বিশেষভাবে জোর দেন। এই প্রসঙ্গে রুশ পক্ষ আগামী সপ্তাহে বাংলাদেশ থেকে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলকে রাশিয়ায় স্বাগত জানানোর প্রস্তাব দেয়।
বৈঠকে প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) নিয়ে বেশ গুরুত্বের সাথে আলোচনা হয়। কৃষি ও স্বাস্থ্য খাতে এআই-এর বাস্তব প্রয়োগের বিষয়ে রাশিয়ার একটি বিশেষ কারিগরি প্রতিনিধিদল দ্রুত বাংলাদেশ সফরে আসার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে।
এছাড়াও, রাশিয়ার কর্তৃপক্ষ বাংলাদেশের 'জাতীয় এআই নীতি' প্রণয়নে কারিগরি সহায়তা করতে এবং বাংলাদেশে এআই-তে একটি বিশেষ 'শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠান' (Center of Excellence) স্থাপনে গভীর আগ্রহ প্রকাশ করে।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিন দিনের এক গুরুত্বপূর্ণ সরকারি সফরে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এই সফরে তার সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন।