প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১১:৫০ এএম
1706
১৩ জুন ২০২৬, ১১:৫৭ পিএম
কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। এছাড়া বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর,, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এবং মুহাম্মদ নওশাদ জমির, উপস্থিত ছিলেন।
স্পিকারের বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বৈঠকে অংশ নেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের কার্যক্রম পরিচালনা, সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদীয় রীতিনীতি অনুযায়ী বাজেট আলোচনার জন্য সাধারণত মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। এছাড়া আগামী ৯ জুলাই ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকে আরও প্রস্তাব করা হয় যে, ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত টানা চার দিন প্রতিদিন দুই বেলা করে বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যাতে বাজেট অধিবেশনের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়।
অধিবেশনের কার্যসূচি ও সময় ব্যবস্থাপনা সংক্রান্ত প্রয়োজনীয় পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়েছে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চলমান অধিবেশনের জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ১৯১টি এবং অন্যান্য মন্ত্রীদের উদ্দেশ্যে ৩ হাজার ৩৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে মোট প্রশ্নের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২২৮টি।
এছাড়া কার্যপ্রণালি বিধির ৭১ বিধির আওতায় মনোযোগ আকর্ষণের ৯৮টি নোটিশ এবং ১৩১ বিধির অধীনে ২৯৩টি সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ জমা পড়েছে।
বৈঠকে সচিবিক সহায়তা প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।