শনিবার ০৬, জুন ২০২৬

০৬ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম

দেশের বিভিন্ন নদীবন্দরে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১২:২৩ পিএম

1705

দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নদীবন্দরের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বজ্রসহ তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশের দুটি অঞ্চলে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত এবং অন্যান্য অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৩ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এই সতর্ক বার্তা জারি করা হয়।

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, আজ শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই আকস্মিক আবহাওয়ার কারণে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে একই দিক (পশ্চিম/উত্তর-পশ্চিম) থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো আবহাওয়ার কারণে দেশের বাকি অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আবহাওয়া দপ্তরের নিয়মিত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দেশের মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টিপাতের প্রভাবে এই তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Link copied!