রবিবার ১৪, জুন ২০২৬

১৪ জুন ২০২৬, ০৫:২৪ এএম

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১১:২১ এএম

1703

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা শুরু হয়েছে শনিবার (২৩ মে) ভোর থেকে। রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৬টায় রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের ঈদযাত্রা।

সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে পরিচালিত অন্তত ছয়টি আন্তঃনগর ট্রেন ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যে গেছে। তবে অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ের তুলনায় ১৫ থেকে ৩০ মিনিট বা তার বেশি দেরিতে ছেড়ে যায়।

সর্বশেষ সকাল সাড়ে ৯টার দিকে রংপুরের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছেড়ে যায় ‘রংপুর এক্সপ্রেস’। ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও প্রায় ২০ মিনিট দেরিতে যাত্রা শুরু করে।

এদিকে জামালপুরগামী ‘জামালপুর এক্সপ্রেস’ সকাল ১০টায় ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়েও স্টেশন ত্যাগ করেনি বলে জানা গেছে।

ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেলস্টেশনে তুলনামূলকভাবে যাত্রী চাপ কম দেখা গেছে। যাত্রীরা জানিয়েছেন, অতিরিক্ত ভিড় না থাকায় নির্ধারিত আসনে বসতে কোনো সমস্যা হচ্ছে না।

সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে অনলাইনে টিকিট সংগ্রহ, আসন ব্যবস্থা ও সার্বিক সেবার বিষয়ে খোঁজ নেন।

তবে কয়েকজন যাত্রী ট্রেনের সেবার মান নিয়ে অভিযোগ করেন। তাদের কেউ কেউ ফ্যান নষ্ট, সিট ভাঙা এবং টয়লেট অপরিষ্কার থাকার কথা জানান।

রেলওয়ের মহাপরিচালক যাত্রীদের অভিযোগ শুনে ধাপে ধাপে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

Link copied!