প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৭:০০ পিএম
1712
১৪ জুন ২০২৬, ০৩:৩৭ এএম
জামালপুরে সড়ক সংস্কার কাজ চলাকালীন পিচ গলানোর ড্রাম বিস্ফোরণে দুই নির্মাণ শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। সোমবার (১৮ মে ২০২৬) দুপুরে সদর উপজেলার নান্দিনা বানার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন—সদর উপজেলার হরিপুর এলাকার আরসাব আলীর ছেলে মো. বুলবুল (৩৫) এবং মেলান্দহ উপজেলার ছনবাড়ী এলাকার খোকন মিয়ার ছেলে মোজাম্মেল হক (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্দিনা বানার এলাকায় একটি সড়কের সংস্কার কাজ চলছিল। কাজ চলাকালে দুপুরে বেশিরভাগ শ্রমিক খাবার খেতে গেলে বুলবুল ও মোজাম্মেল পিচ গলানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ করে পিচ গলানোর ড্রামে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তাদের শরীরে।
বিস্ফোরণের পর আশপাশের শ্রমিকরা দ্রুত বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর দুই শ্রমিকের শরীরে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়রা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন।
ফায়ার সার্ভিসের দলনেতা শহিদুল ইসলাম জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জামালপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. মো. শামীম ইফতেখার জানান, আহত দুই শ্রমিকের মধ্যে বুলবুলের শরীরের প্রায় ৫০ শতাংশ এবং মোজাম্মেলের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।