শনিবার ০৬, জুন ২০২৬

০৬ জুন ২০২৬, ০২:২৮ পিএম

হজ ২০২৬: সৌদি আরবে পৌঁছেছেন ৬২,৫২৮ বাংলাদেশি, ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:০১ পিএম

1695

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রবিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এই সংখ্যক যাত্রী সৌদি আরবে পৌঁছান।

একই সময়ে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন। মৃত্যুর ঘটনাগুলো মূলত মক্কা ও মদিনায় ঘটেছে।

বুলেটিনে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন।

এ পর্যন্ত মোট ১৬১টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮২টি ফ্লাইটে ৩২ হাজার ৫০৮ জন, সৌদি এয়ারলাইনস ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বছর হজ ব্যবস্থাপনায় মোট ৩০টি লিড হজ এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি কোটা অনুযায়ী ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী অংশ নিচ্ছেন।

হজযাত্রীদের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে, যা ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয়েছে।

Link copied!