রবিবার ১৪, জুন ২০২৬

১৪ জুন ২০২৬, ০৩:৩৮ এএম

নানি বাড়ির আঙিনায় দাফন সম্পন্ন হলো কারিনা কায়সারের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:৩১ এএম

1699

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার–এর দাফন সম্পন্ন হয়েছে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানির বাড়ির আঙিনায়।

সোমবার সকাল ৭টায় গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ডসংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নানির বাগানবাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়।

পারিবারিক সূত্র জানায়, ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং আনুষ্ঠানিকতা শেষে রোববার রাতেই কারিনার মরদেহ গজারিয়ায় নেওয়া হয়। যদিও তার নানা বাড়ি পুরান বাউশিয়া গ্রামে, তবে দাফনের জন্য নানি ডা. জোহরা খানম পারুল–এর আব্দুল্লাহপুর গ্রামের বাগানবাড়ি নির্ধারণ করা হয়।

পরিবারের পক্ষ থেকে প্রিয়জন ও স্থানীয় বাসিন্দাদের শেষ বিদায়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিংও করা হয়েছিল।

সোমবার সকালের জানাজায় স্থানীয় লোকজন অংশ নিলেও পুরো আয়োজন ছিল পারিবারিক ও ব্যক্তিগত পরিবেশে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দাফনস্থলে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এমনকি গণমাধ্যমকর্মীদেরও নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতে অনুরোধ জানানো হয়।

দাফন শেষে কারিনার ছোট ভাই সাদাত হামিদ গণমাধ্যমকে বলেন, ঢাকায় একাধিক জানাজা ও আনুষ্ঠানিকতায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তবে পরিবারের মানসিক অবস্থার কথা বিবেচনা করে দাফন অনুষ্ঠানটি একান্ত পারিবারিকভাবে সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত প্রচার ও লোকসমাগম এড়াতেই গ্রামে এসে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মারা যান কারিনা কায়সার। পরে তার মরদেহ দেশে আনার দায়িত্ব নেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি বিনা খরচে মরদেহ ঢাকায় পৌঁছে দেয়।

রোববার বিকেলে ঢাকায় মরদেহ পৌঁছালে বাবা কায়সার হামিদসহ পরিবারের সদস্যরা অশ্রুসিক্ত নয়নে তাকে গ্রহণ করেন। পরে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ গজারিয়ায় নেওয়া হয়।

কারিনা কায়সার ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির কন্যা।

Link copied!