প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৬:৫৩ পিএম
1703
১৪ জুন ২০২৬, ০৫:২৪ এএম
কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি সরকারি সফরে ঢাকার উদ্দেশে দোহা ত্যাগ করেছেন। তার এ সফর বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছে দোহার বাংলাদেশ দূতাবাস।
রোববার (১৭ মে) স্থানীয় সময় সকালে তিনি ঢাকা সফরের উদ্দেশে রওনা হন। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে বিদায় জানান।
দোহার বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, কাতারের শ্রমমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার প্রতিফলন।
সফরকালে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এছাড়া দুই দেশের মধ্যে শ্রম, জনশক্তি রপ্তানি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই সফরের মাধ্যমে দুই দেশের শ্রমবাজার সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং কাতারে কর্মরত বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি আসবে।
বাংলাদেশ দূতাবাস আরও জানায়, কাতার ও বাংলাদেশের মধ্যকার অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং উভয় দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।