প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৭ এএম
1702
১৩ জুন ২০২৬, ১১:৫৫ পিএম
নরসিংদীর শিবপুরে প্রাইভেট পড়াতে রাজি না হওয়াকে কেন্দ্র করে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে শিবপুর উপজেলার চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষকের নাম মনজিল মোল্লা (৩২)। তিনি ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক এবং তাঁর বাড়ি মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পূবেরগাঁও গ্রামের রাশিদুল ইসলাম (২৬) ও ইমন মিয়া (২০)। এ ঘটনায় আরেক কিশোরও জড়িত ছিল বলে জানা গেছে, তবে তার পরিচয় পাওয়া যায়নি।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষক মনজিল মোল্লাকে বিদ্যালয়ের ফটকের সামনে ডেকে নেয় তিন কিশোর-তরুণ। সেখানে প্রাইভেট পড়ানোর বিষয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা তাকে কিল-ঘুষি মারতে থাকে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে বিদ্যালয়ের কর্মচারীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
ভুক্তভোগী শিক্ষক মনজিল মোল্লা জানান, তাকে প্রাইভেট পড়ানোর অনুরোধ করা হলে তিনি সময় না থাকায় রাজি হননি। এরপরই তারা ক্ষিপ্ত হয়ে মারধর করে।
ঘটনার পর শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এক হামলাকারীকে আটক করে বিদ্যালয়ে নিয়ে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরেকজনকে গ্রেপ্তার করে। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মৃধা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন বলেন, প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।