প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
1691
১৫ জুন ২০২৬, ০৬:১০ পিএম
যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে। মামলা দায়ের করার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান এবং ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন ও মেহেদি হাসান টুটুল। মামলার অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন ও ইমন বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে গত ১২ জুন গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ভুক্তভোগী গৃহবধূ ঘরের বাইরে বের হলে ওত পেতে থাকা আসামিরা তাঁকে জোরপূর্বক মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আসামিরা তাঁকে অবরুদ্ধ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষণের সময় ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে লোকলজ্জার ভয় ভেঙে ভুক্তভোগী গৃহবধূ তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং শার্শা থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা রুজু করে দ্রুত অভিযান চালিয়ে তিন আসামিকে হাতেনাতে আটক করে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান যে গৃহবধূর লিখিত অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া তিন আসামিকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মামলার অন্য দুই পলাতক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের জন্য পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।