প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১২:৪৬ পিএম
1713
১৫ জুন ২০২৬, ০৯:৩৩ পিএম
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে একটি কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় মাদক পাচারের অভিযোগে কাভার্ড ভ্যানটির চালক নাজমুল হককে (৩৭) আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
গতকাল শুক্রবার (২২ মে) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিরনীরহাট এলাকায় শাহ মোহছেন আউলিয়ার (র.) মাজার সংলগ্ন সড়কে এই অভিযান চালানো হয়। আজ শনিবার (২৩ মে) সকালে র্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আটককৃত চালক নাজমুল হক নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।
র্যাব জানায়, তাদের কাছে একটি গোপন সংবাদ আসে যে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ ইয়াবার একটি বড় চালান চট্টগ্রাম মহানগরীর দিকে আনা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী প্রধান সড়কে বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে। সন্দেহভাজন কাভার্ড ভ্যানটি ওই এলাকা অতিক্রম করার সময় র্যাব সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি শুরু করেন।
তল্লাশিকালে গাড়িটির পেছনের অংশের নিচের বাম পাশে বিশেষ কৌশলে তৈরি করা একটি লোহার গোপন চেম্বারের সন্ধান পায় র্যাব। পরবর্তীতে ওই গোপন চেম্বার থেকে কালো স্কচটেপে নিখুঁতভাবে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, আটককৃত চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং জব্দকৃত কাভার্ড ভ্যানসহ আটক আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও নিয়মিত মামলার জন্য চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের উৎস সন্ধানে র্যাবের তদন্ত অব্যাহত রয়েছে।