প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১০:৫৬ এএম
1707
০৬ জুন ২০২৬, ০২:৪৮ এএম
জাতীয় প্রেস ক্লাবে বই প্রকাশ উৎসব
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রচিত দুইটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আকাশ প্রকাশনার উদ্যোগে প্রকাশিত গ্রন্থ দুটি হলো ‘‘বাংলাদেশের গণতন্ত্র সোনার পাথর বাটি-২য় খন্ড (সংশোধিত) ও Miseries of Misconceived Democracy -Part-2 (Revised Edition)। অনুষ্ঠানে গ্রন্থ দুটির বিষয়বস্তু, দেশের গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক বাস্তবতা এবং রাষ্ট্রব্যবস্থা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত প্রাবন্ধিক, সমাজ বিশ্লেষক ও রাষ্ট্রচিন্তাবিদ এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তিনি দেশের গণতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি ও রাষ্ট্রীয় কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন। তিনি গ্রন্থ প্রকাশের পেছনের প্রেক্ষাপট এবং লেখকের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সাংবাদিক মাসুদ কামাল, আনিস আলমগীর, মঞ্জুরুল ইসলাম পান্না, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা সমাজে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রন্থ দুটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার ক্ষেত্র তৈরি করবে বলেও তারা আশা প্রকাশ করেন।