প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৯:৪৫ এএম
1710
১৫ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
জাতীয় চিড়িয়াখানায় থাকা একটি অ্যালবিনো মহিষ
জাতীয় চিড়িয়াখানায় থাকা একটি অ্যালবিনো মহিষের (ডোনাল্ড ট্রাম্প) নামকরণকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পশুপালন) ক্যাডারের কর্মকর্তা এবং জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিভাগীয় কার্যক্রম চলাকালে তাঁকে সাময়িক বরখাস্ত রাখা হবে। বরখাস্তকালীন সময় তিনি সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী থাকবেন। তবে সরকারি আদেশে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিস্তারিত প্রকৃতি উল্লেখ করা হয়নি।
সম্প্রতি জাতীয় চিড়িয়াখানায় প্রদর্শিত একটি বিরল অ্যালবিনো মহিষের পরিচিতি ফলকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম ব্যবহার করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে এটি বিভিন্ন মহলে আলোচিত হয়ে ওঠে।
সমালোচনার অন্যতম কারণ ছিল পরিচিতি ফলকে ব্যবহৃত নামের বানানগত ত্রুটি এবং একটি আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সরকারি প্রতিষ্ঠানের প্রাণীর পরিচিতি বোর্ডে ব্যবহার করা। বিষয়টি নিয়ে আপত্তি ওঠার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে।
পরবর্তীতে মহিষটির পরিচিতি ফলক পরিবর্তন করা হয় এবং নতুন করে ‘সাদা মহিষ’ নামে প্রদর্শন করা শুরু হয়। এরপর বিষয়টি প্রশাসনিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সরকারি প্রতিষ্ঠানের তথ্য উপস্থাপনা, নামকরণ এবং প্রশাসনিক দায়িত্ব পালনে পেশাগত মানদণ্ড অনুসরণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্ত ও বিভাগীয় প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।