প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১১:৩৩ এএম
1682
১৪ মে ২০২৬, ০২:০৯ পিএম
রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল
দেশের আবাসন খাতে সুশাসন, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-এর মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ১২ তলায় অবস্থিত বিএফআইইউ কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় রিহ্যাব প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
সভায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা-২০১৯ অনুযায়ী রিয়েল এস্টেট খাতের রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব, করণীয়, কমপ্লায়েন্স এবং ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, দেশের আবাসন খাতকে আরও আধুনিক, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে রূপান্তর করতে রিহ্যাব সবসময় সরকারের আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল। তিনি জানান, মানিলন্ডারিং প্রতিরোধে বিএফআইইউ’র সঙ্গে সমন্বয় করে সদস্য প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন ও দায়িত্বশীল করতে রিহ্যাব কার্যকর ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, আবাসন খাতে অপ্রদর্শিত আয়ের প্রবণতা কমাতে নিবন্ধন ব্যয় যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন। এর মাধ্যমে খাতে স্বচ্ছতা বাড়বে এবং বৈধ বিনিয়োগ উৎসাহিত হবে বলে তিনি মত প্রকাশ করেন।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, আবাসন খাতে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সুশাসন ও কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সদস্য প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী রিপোর্টিং, গ্রাহক যাচাইকরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনায় আরও দক্ষ করে তুলতে রিহ্যাব ধারাবাহিকভাবে কাজ করছে।
সভায় রিহ্যাব পরিচালনা পর্ষদের অন্যান্য নেতারাও বক্তব্য দেন। তারা মানিলন্ডারিং প্রতিরোধে সরকারের উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিএফআইইউ কর্মকর্তারা রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য বিভিন্ন কমপ্লায়েন্স, রিপোর্টিং পদ্ধতি, গ্রাহক পরিচিতি যাচাইকরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। সভায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন-সহ বিএফআইইউ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।
এছাড়া সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আবু খালিদ মো. বরকতউল্লাহ, এ. এফ. এম. ওবায়দুল্লাহ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।