প্রকাশিত: ১২ মে ২০২৬, ০১:২১ পিএম
1705
১৪ মে ২০২৬, ০৩:১০ পিএম
শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসির দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড। মঙ্গলবার (১২ মে) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্ল্যাটফর্মে এই বন্ডটির লেনদেন শুরু হয়। বন্ডটির ট্রেডিং কোড নির্ধারণ করা হয়েছে **“BBL2NDSB”** এবং স্ক্রিপ কোড **“55008”**। এটি ‘পি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।
লেনদেনের শুরুতে বন্ডটির প্রতি ইউনিটের দাম ছিল ১০ লাখ ৫৬১ টাকা। দিন শেষে বেলা ১২টা পর্যন্ত মাত্র তিনটি লেনদেনে মোট ১০টি ইউনিট হাতবদল হয়। এতে প্রতি ইউনিটের দাম ৫৬১ টাকা কমে ১০ লাখ টাকায় নেমে আসে।
জানা গেছে, এই বন্ডের ইস্যুকারী প্রতিষ্ঠান হলো ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। বন্ডটির মোট মেয়াদ রয়েছে ৪ বছর ১০ মাস, এবং ইস্যু তারিখ ছিল ১১ মার্চ ২০২৪।
বন্ডটির কুপন হার নির্ধারণ করা হয়েছে বছরে ১২ দশমিক ৫৯ শতাংশ। বিনিয়োগকারীরা প্রতি ছয় মাস অন্তর কুপন সুবিধা পাবেন। এটি একটি নন-কনভার্টিবল, সম্পূর্ণ রিডিমেবল, কুপন বহনকারী, ফ্লোটিং রেট, আনসিকিউরড এবং সাব-অর্ডিনেটেড বন্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সময় বন্ডটির মোট ইস্যু সাইজ ছিল ৭০০ কোটি টাকা। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।
রিডেম্পশন বা অবসায়ন প্রক্রিয়া বার্ষিক ভিত্তিতে সম্পন্ন হবে। ইস্যুর তারিখ থেকে তৃতীয় বছরের শেষে, অর্থাৎ প্রতি বছরের ১১ মার্চ থেকে ধাপে ধাপে রিডেম্পশন কার্যক্রম শুরু হবে।
লেনদেন ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথম দুই কার্যদিবসে বিশেষ সার্কিট ব্রেকার কার্যকর থাকবে। প্রথম দিন নির্ধারিত মূল্যের ওপর ৪ শতাংশ সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে, দ্বিতীয় দিনে রেফারেন্স মূল্যের ওপর একই হার কার্যকর থাকবে। তৃতীয় কার্যদিবসে লেনদেন স্থগিত থাকবে। এরপর চতুর্থ কার্যদিবস থেকে নিয়মিত ৫ শতাংশ সার্কিট ব্রেকার কার্যকর হবে।