বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৫:১১ পিএম

 পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই: পানিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৮:০৪ পিএম

1697

পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সঙ্গে কোনো ধরনের আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দেশের নদীগুলোতে পানির প্রবাহ ঠিক রাখা এবং কৃষি ও পরিবেশ সুরক্ষায় এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সাত বছর মেয়াদে বাস্তবায়নাধীন এই প্রকল্পে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। পুরো অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে দীর্ঘদিন ধরে বাংলাদেশে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেছে। এতে কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তরে নেতিবাচক প্রভাব পড়েছে। সেই পরিস্থিতি মোকাবিলায় সরকার এবার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার উজানে ভারতের ফারাক্কা বাঁধ অবস্থিত। ১৯৭৫ সালে চালুর পর থেকে একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নদীর নাব্যতা কমে গেছে এবং লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে।

পানিসম্পদ মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজের মাধ্যমে বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ করা হবে। এই সংরক্ষিত পানি সারা বছর দেশের ২৪টি জেলার নদী ও কৃষি ব্যবস্থায় ব্যবহার করা যাবে। এর ফলে প্রায় সাত কোটি মানুষ কৃষি সুবিধা পাবে বলে আশা করছে সরকার।

তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ততা কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং নদীগুলোর পানিপ্রবাহও স্বাভাবিক রাখতে সহায়তা করবে।

মন্ত্রী আরও জানান, ২০২৬ সালে প্রকল্পের কাজ শুরু হবে এবং ২০৩৩ সালের মধ্যে তা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি বছর সরকারের কোষাগার থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হবে পদ্মা ব্যারেজ প্রকল্পে।

Link copied!