বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৪:১৪ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট শুরু, ১৪ পদে প্রতিদ্বন্দ্বিতায় ৪০ প্রার্থী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১১:১০ এএম

1691

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি–এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণে এক ঘণ্টার বিরতি রাখা হয়েছে।

দুই দিনব্যাপী এই নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী অংশ নিয়েছেন। ভোটাধিকার প্রয়োগ করবেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী। দেশের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠনের এই নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে।

নির্বাচনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ভোটার আইনজীবীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে প্রচারণা চালান এবং সমর্থন চান।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল এবং এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেলের মধ্যে। পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ আলী। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও একাধিক প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।

জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন আবদুল বাতেন। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কে এম রেজাউল করিম খন্দকার। এই প্যানেল থেকেও বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল সভাপতি পদে কোনো প্রার্থী না দিলেও সম্পাদক ও সদস্য পদে কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। এছাড়া সভাপতি ও সম্পাদক পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটগ্রহণে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী বৃহস্পতিবার (১৪ মে) দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হতে পারে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমাজের নেতৃত্ব নির্ধারণে এই নির্বাচনকে ঘিরে আইন অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

Link copied!