বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০২:০৯ পিএম

ঈদুল আজহায় দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:২৬ এএম

1697

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঈদকে কেন্দ্র করে জননিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, পশুর হাটের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, সড়ক-মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ এবং কোরবানির পশুর হাটের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে সাত দিন এবং ঈদের পরবর্তী সাত দিন পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর হটলাইন নম্বর সচল রাখা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, এ বছর সারা দেশে মোট ৪ হাজার ২৫৯টি কোরবানির পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টি পশুর হাট থাকবে। প্রতিটি হাটে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা এবং জালনোট শনাক্তে ব্যাংকের বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হবে।

সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। সীমান্ত পথে চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কোরবানির পশুর চামড়ার মান ঠিক রাখতে জবাইয়ের দুই ঘণ্টার মধ্যে লবণ দিয়ে সংরক্ষণের বিষয়ে দেশব্যাপী প্রচারণা চালানো হবে। এ উদ্দেশ্যে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

ঈদের আগেই তৈরি পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত এবং ফেরি ও লঞ্চে যাত্রীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সরকারের নেওয়া সমন্বিত পদক্ষেপের ফলে দেশবাসী নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।

ভারতের কোনো অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে বাংলাদেশে সাম্প্রদায়িক প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখছে এবং সীমান্তে যেকোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।

Link copied!