প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:০৬ পিএম
1699
১৪ মে ২০২৬, ০৪:১৩ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে নতুন করে যোগদান করা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের যাচাই-বাছাই এবং মূল্যায়নের জন্য ছয় সদস্যের একটি ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। দলীয় সম্প্রসারণ কার্যক্রম আরও স্বচ্ছ ও সংগঠিত করতে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছে দলটি।
রোববার এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এই কমিটি গঠন করা হয়েছে। নতুন যোগদানকারীদের যাচাই, মূল্যায়ন এবং দলীয় কার্যক্রমে তাদের অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করাই কমিটির প্রধান দায়িত্ব।
নতুন গঠিত এই কমিটিতে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এনসিপি দল সম্প্রসারণের উদ্যোগ নেয়। গত ১৯ এপ্রিল থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা দলে যোগ দিতে শুরু করেন।
প্রথম দফায় এবি পার্টি, আপ বাংলাদেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতা-কর্মী এনসিপিতে যোগ দেন। এরপর বিএনপি থেকে বহিষ্কৃত নেতা, সামাজিক আন্দোলনের কর্মী, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বসহ আরও অনেকে দলে যুক্ত হন।
৫ মে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। সর্বশেষ শুক্রবার গণ অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স, আপ বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন পেশার ৩৬ জন ব্যক্তি এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখায় যোগ দেন।
দলটির নেতারা জানিয়েছেন, নতুন সদস্যদের যোগদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতেই এই ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে।