প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০১:৩৪ এএম
1690
১৪ মে ২০২৬, ০৪:২২ পিএম
দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে না পারলে উন্নয়নের গতি ব্যাহত হয়। তাই দ্রুততার পাশাপাশি কাজের গুণগত মানও নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে ভারতের চেন্নাইভিত্তিক বহুজাতিক পানি প্রযুক্তি প্রতিষ্ঠান ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাইলেশ কুমারের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে দেশের পানি ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ, পানি পরিশোধন ব্যবস্থা এবং নিরাপদ পানির মান বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ও বর্জ্য পানি শোধন ব্যবস্থার ব্যবহার আরও বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, নগরায়নের বিস্তারের সঙ্গে সঙ্গে পানি দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবিলায় কার্যকর ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নদ-নদীর দূষণ রোধে সমন্বিত পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকে বিশেষভাবে রাজধানীর বুড়িগঙ্গা নদীর পানিদূষণ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, একসময় বুড়িগঙ্গা নদী ছিল রাজধানীর প্রাণ। নদীটিকে দূষণমুক্ত করে আগের স্বাভাবিক পরিবেশ ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।