শুক্রবার ১৫, মে ২০২৬

১৫ মে ২০২৬, ০১:৩০ এএম

মুক্তাগাছায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: তিন নারী নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৩:১৫ পিএম

1705

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সরাসরি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী প্রাণ হারান। সংঘর্ষের তীব্রতায় বালুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ সংবাদের ভিত্তিতে তাঁরা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনায় অটোরিকশা চালক এবং ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কের ওপর ট্রাকটি উল্টে থাকায় কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মুক্তাগাছা থানা পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!