প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১২:৪৮ পিএম
1702
১৪ মে ২০২৬, ০৪:১৪ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, ক্ষমতার দোহাই দিয়ে বিএনপি সরকার রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে আগ্রহ হারাচ্ছে।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, বিএনপি এখন ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। কিন্তু নির্বাচনের মাধ্যমে জনগণ যে দায়িত্ব দেয়, সেটিকে তারা ক্ষমতা চর্চার দৃষ্টিতে দেখছে—এ মানসিকতা থেকে এখনো তারা বের হতে পারেনি।
তিনি আরও বলেন, সংস্কার ইস্যুতে বিভিন্ন মহলে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেখানে ‘নোট অব ডিসেন্ট’-কে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। ঐকমত্য কমিশনের আলোচনায় এটি ছিল মূল সিদ্ধান্তের প্রতি সম্মতি জানিয়ে ভিন্ন মত লিপিবদ্ধ করার বিষয়। কিন্তু মূল সিদ্ধান্তই বাস্তবায়নযোগ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
এনসিপি সদস্য সচিব দাবি করেন, গণভোটের বিষয়গুলো নিয়ে বিএনপি অবস্থান পরিবর্তন করেছে। তার ভাষায়, গণভোটে উত্থাপিত প্রশ্নগুলোর বেশিরভাগ অংশে তারা একমত থাকলেও একটি অংশে আপত্তি তুলছে। তিনি বলেন, উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া—এসব বিষয়ে আগেই ঐকমত্য হয়েছিল।
তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ অবস্থান নিয়েছিল, কিন্তু এখন তারা ভিন্ন অবস্থান নিচ্ছে। জনগণ এসব বিষয় পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে এর জবাব দেবে বলেও তিনি মন্তব্য করেন।
আখতার হোসেন বিএনপির উদ্দেশে বলেন, আগামী দিনে তারা কী ধরনের আইন ও সংস্কার উদ্যোগ নেয়, তা দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী।