বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৯:৫৫ পিএম

সারাদেশে শুরু হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক’ উৎসব, মে-জুনজুড়ে ধাপে ধাপে আয়োজন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১০:৫১ এএম

1700

সারাদেশে শুরু হতে যাচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ‘প্রাথমিক শিক্ষা পদক’ উৎসব। মে ও জুন মাসজুড়ে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এই জাতীয় আয়োজন, যেখানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের নির্দেশনা দিয়েছে। এই প্রতিযোগিতা বিদ্যালয় পর্যায় থেকে শুরু হয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি জারি করা নির্দেশনায় বলা হয়েছে, প্রতিযোগিতায় শুধুমাত্র তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপে প্রতিযোগিতা আয়োজন করা হবে। বিদ্যালয় পর্যায়ে নির্দিষ্ট তারিখ না থাকলেও প্রতিটি প্রতিষ্ঠানকে নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিযোগিতা আয়োজন করে আগামী ১৯ মে ২০২৬-এর মধ্যে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণকারীদের তালিকা পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতা ১৯ থেকে ২০ মে, উপজেলা পর্যায় ২২ থেকে ২৩ মে, জেলা পর্যায় ৬ থেকে ৭ জুন এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা ৮ থেকে ৯ জুন অনুষ্ঠিত হবে।

এই আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে থাকছে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ভারসাম্য দৌড় ও অংক দৌড়। সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, গল্প বলা, লোকগীতি, দেশাত্মবোধক গান, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম-এর সংগীত, হামদ-নাত, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা এবং আন্তঃউপজেলা ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা।

এছাড়া বিষয়ভিত্তিক কুইজে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অন্তর্ভুক্ত থাকবে। সাধারণ জ্ঞানের মধ্যে দৈনন্দিন বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, তথ্যপ্রযুক্তি এবং সাম্প্রতিক ঘটনাবলি রাখা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিযোগিতা আয়োজন করতে হবে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬’ অনুসরণ করে এবং নির্ধারিত বাজেটের মধ্যে থেকে। বিতর্ক প্রতিযোগিতার জন্য প্রতিটি বিদ্যালয় থেকে দুইজন করে শিক্ষার্থী নির্বাচন করে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠাতে হবে এবং বিতর্কের বিষয় নির্ধারণে শিক্ষার্থীদের বয়স বিবেচনায় রাখতে হবে।

ব্যয় বরাদ্দ হিসেবে বিদ্যালয় পর্যায়ে ৮ হাজার টাকা, ইউনিয়ন পর্যায়ে ৫ হাজার ২০০ টাকা, উপজেলা পর্যায়ে ২৮ হাজার ২০০ টাকা, জেলা পর্যায়ে ৭১ হাজার ৫০০ টাকা এবং বিভাগীয় পর্যায়ে ১ লাখ ৩০ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও শারীরিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link copied!