বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৪:১৪ পিএম

এনসিপির জাতীয় কনভেনশন রোববার, চার ইস্যুতে দিনব্যাপী আলোচনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৭:৪৫ পিএম

1700

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল রোববার (৩ মে) জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করতে যাচ্ছে। দলের সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ দিনব্যাপী এই কনভেনশন অনুষ্ঠিত হবে।

শনিবার (২ মে) রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সরকার শপথ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে প্রত্যাশিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এ কারণে দলটি নিজস্ব উদ্যোগে সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ধারাবাহিক আলোচনা ও সংলাপ চালিয়ে যাচ্ছে।

কনভেনশনটি চারটি পৃথক পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উদ্বোধনী অধিবেশন থাকবে, যেখানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এরপর সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম সেশনে অর্থনৈতিক পুনর্গঠন, ব্যাংকিং খাতের শৃঙ্খলা, দুর্নীতি দমন কমিশন, এনবিআর সংস্কার ও কর্মসংস্থান বিষয়ে আলোচনা হবে। এতে অর্থনীতিবিদ, গবেষক ও নীতিনির্ধারকেরা অংশ নেবেন।

দ্বিতীয় সেশনে সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত জ্বালানি নিরাপত্তা, বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা অংশ নেবেন।

দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত তৃতীয় সেশনে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও বর্তমান ঝুঁকি নিয়ে আলোচনা হবে। এতে আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা মতামত তুলে ধরবেন।

সবশেষে বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত সমাপনী সেশনে “জুলাই সনদ, সংস্কার ও গণভোট” বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। এই পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেবেন।

কনভেনশনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।

Link copied!