বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৬:৪৫ পিএম

চট্টগ্রাম বন্দরে নতুন ইতিহাস, একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০১:০৭ পিএম

1699

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর আবারও অপারেশনাল ইতিহাসে নতুন মাইলফলক অর্জন করেছে। নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (২০ ফুট সমমান কনটেইনার ইউনিট) হ্যান্ডলিং সম্পন্ন হয়। এই কার্যক্রম পরিচালনা করে টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাই ডক লিমিটেড।

বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, এটি নিউমুরিং কনটেইনার টার্মিনালের ইতিহাসে একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড। এর আগে ১১ এপ্রিল ৫ হাজার ৪৮৪ টিইইউস হ্যান্ডলিংয়ের মাধ্যমে আগের রেকর্ড তৈরি হয়েছিল।

শুধু এনসিটি নয়, একই সময়ে বন্দরের সব টার্মিনাল মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এই অর্জন দেশের বৈদেশিক বাণিজ্যকে আরও গতিশীল করবে এবং সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শ্রমিক ও কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিকভাবে রেকর্ড গড়ার এই প্রবণতা বন্দরের দক্ষতা ও অবকাঠামোগত উন্নয়নের ইতিবাচক অগ্রগতি নির্দেশ করে, যা ভবিষ্যতে দেশের অর্থনীতিতে আরও গতি আনতে পারে।

Link copied!