প্রকাশিত: ০১ মে ২০২৬, ১০:৪৭ এএম
1707
১৪ মে ২০২৬, ০৪:২২ পিএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় বাদ জোহর টাম্পা শহরের ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জানাজায় বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, স্বজন, বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
নিহত লিমন University of South Florida-এর শিক্ষার্থী ছিলেন। তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
জানা গেছে, লিমনের মরদেহ আগামী ৪ মে দেশে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহটি অরল্যান্ডো (এমসিও) বিমানবন্দর থেকে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হবে। পথে দুবাই-এ ট্রানজিট শেষে ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। একই ঘটনায় নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশও উদ্ধার করা হয়েছে। রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে তার দেহাংশ উদ্ধার করা হয়।
ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশি সমাজে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।