প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম
1705
১৪ মে ২০২৬, ০৭:৫৩ পিএম
ইউরোপে অনিয়মিত অভিবাসন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ হিসেবে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্প সম্প্রসারণ এবং অভিবাসনের জন্য আরও বৈধ পথ তৈরি করার ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকায় সফররত European External Action Service-এর ম্যানেজিং ডিরেক্টর এরিক কুর্জওয়েল প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়গুলো তুলে ধরেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সাক্ষাতে প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন-এর মধ্যে বহুমুখী ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও জোরদারের প্রতি দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দক্ষ জনশক্তি বিনিময় ও বৈধ অভিবাসনের সুযোগ বৃদ্ধি করলে একদিকে যেমন শ্রমবাজারের চাহিদা পূরণ হবে, অন্যদিকে অনিয়মিত অভিবাসন কমানো সম্ভব হবে।
উভয় পক্ষই মত প্রকাশ করেন যে, প্রস্তাবিত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) বাস্তবায়িত হলে বিভিন্ন অগ্রাধিকার খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা ও প্রযুক্তি খাতে এ সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়িক ভ্রমণ সহজীকরণ, এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ, অভিবাসন ব্যবস্থাপনা, গণতন্ত্র ও মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, সাংস্কৃতিক বিনিময়, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি, এবং রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-ইইউ বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্বও তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং পারস্পরিক স্বার্থ রক্ষায় সহায়ক হবে।