বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৯:৪৮ পিএম

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম

1689

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। বৈঠকে সাম্প্রতিক জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয় এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে ইইউ প্রতিনিধিদল।
বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং মাহদী আমিন।
বৈঠকে ইইউ প্রতিনিধিদল বিএনপির কাছে ১৯ দফা সুপারিশসংবলিত একটি প্রস্তাবনা তুলে দেয়। এর মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকারমূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব সুপারিশের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক অংশগ্রহণ আরও শক্তিশালী করার দিকনির্দেশনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের এই বৈঠক দেশের রাজনৈতিক সংলাপ ও নির্বাচনী সংস্কার প্রশ্নে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এমন আলোচনা ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে।

Link copied!