প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৪ এএম
1704
১৪ মে ২০২৬, ০৫:১২ পিএম
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফাকে অবরুদ্ধ করা ও তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত এক আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে এমপির ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ৯ জনের মধ্যে একজন এজাহারভুক্ত আসামি এবং অন্যরা সন্দেহভাজন। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
যেভাবে ঘটনার সূত্রপাত
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় একটি মাদ্রাসার অনুষ্ঠান শেষে ফেরার পথে পূর্বধলার আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে জ্বালানি নিতে থামেন এমপি মাছুম মোস্তফা। এসময় তিনি মাগরিবের নামাজ আদায়ের জন্য স্টেশনের নামাজঘরে যান।
অভিযোগ রয়েছে, পরে মোটরসাইকেলে আসা একদল যুবক সেখানে হট্টগোল সৃষ্টি করে এবং একপর্যায়ে এমপির গাড়িতে ভাঙচুর চালায়। নামাজ শেষে বের হলে তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলেও অভিযোগ করা হয়।
পরে পুলিশ ও স্থানীয় বিএনপির এক নেতার সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।
এমপির অভিযোগ
মাছুম মোস্তফা দাবি করেছেন, হামলাটি পরিকল্পিত এবং হত্যাচেষ্টার উদ্দেশ্যে চালানো হয়েছিল। তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
বিএনপির প্রতিক্রিয়া
অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আবু তাহের তালুকদার বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন এবং তাকে রাজনৈতিকভাবে জড়ানো হয়েছে। তার দাবি, এটি “মিথ্যা মামলা”।
ঘটনাটি এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।