প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১১ পিএম
1691
১৫ মে ২০২৬, ০১:৩৬ এএম
সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্তই বহাল থাকবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
তিনি বলেছেন, দ্বীপটির অস্তিত্ব টিকিয়ে রাখতে পর্যটন সীমিত করা ছাড়া কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডয়চে ভেলেকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, গত কয়েক মাস পর্যটন নিয়ন্ত্রণের ফলে সেন্ট মার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যে দৃশ্যমান উন্নতি হয়েছে। তাই এ সিদ্ধান্ত অব্যাহত রাখা জরুরি।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৪ সালের সিদ্ধান্তের আওতায় নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটককে দ্বীপ ভ্রমণের অনুমতি দেওয়া হয়। এরপর ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯ মাস দ্বীপে পর্যটন সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়, যাতে প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারের সুযোগ পায়।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময় পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দ্বীপের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
তবে দ্বীপের স্থানীয় বাসিন্দারা এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, পর্যটনই তাদের প্রধান আয়ের উৎস হওয়ায় সীমিত ভ্রমণ ব্যবস্থার কারণে জীবিকা সংকটে পড়েছেন অনেক পরিবার।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতি—দুই বিষয় বিবেচনায় নিয়েই ভবিষ্যতে পর্যটন ব্যবস্থাপনা আরও টেকসইভাবে সাজানো হবে।