বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৯:৫৬ পিএম

জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও পাটের ব্যাগ বিতরণ শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৭ এএম

1697

আগামী জুলাই মাস থেকে দেশের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে এই কর্মসূচি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে। প্রথম ধাপে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করে সেখানে শিক্ষার্থীদের মধ্যে ড্রেস ও ব্যাগ বিতরণ করা হবে। সংশ্লিষ্ট বিদ্যালয় নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।

শিক্ষা উপদেষ্টা আরও জানান, কার্যক্রমের প্রথম মাসেই অন্তত এক লাখ শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ধাপে ধাপে দেশের প্রত্যন্ত অঞ্চলেও এই উদ্যোগ সম্প্রসারণ করা হবে।

এই প্রকল্পটি বাস্তবায়নে সরকারের একাধিক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। মূল লক্ষ্য হচ্ছে দেশীয় উৎপাদিত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করা।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি উপজেলায় দুটি বিদ্যালয়ে এই সুবিধা দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি নির্ধারিত ইউনিফর্ম চালু করা হবে, তবে ছেলে ও মেয়েদের জন্য পোশাক এবং ব্যাগ আলাদা থাকবে।

সরকারের এই উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য সহায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা একই সঙ্গে দেশীয় শিল্পের বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Link copied!