প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম
1691
১৪ মে ২০২৬, ০৪:২৩ পিএম
রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, বর্তমান সরকারের নানা ব্যর্থতার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তীব্র বিদ্যুৎ সংকট জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এমন পরিস্থিতিতে সরকারের সমালোচনা করলেই নির্যাতনের শিকার হতে হয় এবং কঠোর ভাষায় কথা বললে বাসায় হামলার আশঙ্কা তৈরি হয়।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকি মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান প্রশ্ন তুলে বলেন, সরকার যদি দাবি করে যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, তবে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে কেন? তিনি জানতে চান, এই মজুত কোথায় রাখা হয়েছে এবং কেন সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে না।
তিনি আরও বলেন, গ্রামীণ এলাকায় প্রতিদিন গড়ে ১২ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম কষ্টে দিন পার করছে।
নিজের বিরুদ্ধে আসা হুমকির প্রসঙ্গে তিনি বলেন, প্রতিনিয়ত তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তবে তিনি স্পষ্টভাবে জানান, ভয়ভীতি দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না এবং ন্যায়বিচারের সংগ্রাম চালিয়ে যাবেন।
জুলাই সনদ ও গণভোটের রায় প্রসঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকার গণরায় বাস্তবায়নে আগ্রহী নয়। তাই আন্দোলনের মাধ্যমে সরকারকে তা বাস্তবায়নে বাধ্য করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা দেশের বিদ্যমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।